সম্প্রতি বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বলিউডের বিভিন্ন তারকাদের গাঁজা খাওয়ার বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ায় তোলপাড় শুরু হয়েছে। এর মধ্যে উঠে এলো নতুন আরেক খবর। ভারতের বিভিন্ন প্রান্তে এমন অনেক মন্দির আছে যেখানে প্রসাদ হিসেবে নাকি দেওয়া হয় গাঁজা!
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কর্ণাটকের মন্দিরগুলোর ছবিটা একটু আলাদা। সেখানে ভক্তদের হাতে তুলে দেওয়া হয় গাঁজা। ঈশ্বরের পবিত্র প্রসাদ হিসেবে মাথায় ঠেকিয়েই তা সেবন করে থাকেন অনেকে। ঈশ্বরের আশীর্বাদে আধ্যাত্মিক আনন্দকে স্পর্শ করা যাবে। এই বিশ্বাসেই বিভিন্ন উপজাতির ভক্তরা প্রসাদের গাঁজা সেবন করে থাকেন।
যদগির জেলার থিন্থিনিতে অবস্থিত মৌনেশ্বর মন্দিরে এমন দৃশ্য অত্যন্ত স্বাভাবিক। প্রতিদিনের প্রসাদে তো বটেই, প্রতি বছর জানুয়ারিতে মন্দির চত্বরে আয়োজিত পুজাতেও মেলে বিশেষ প্রসাদ। প্রত্যেককে প্রসাদ হিসেবে দেওয়া হয় এক প্যাকেট করে গাঁজা। মৌনেশ্বরকে পুজো দেওয়ার পর ওই বিশেষ প্রসাদ সেবন করেন ভক্তরা। জানুয়ারি মাসের এই মেলায় সাধু-সন্ন্যাসীরা তো বটেই যে কোনও সাধারণ মানুষ এই প্রসাদ পেতে পারেন বলেই জানিয়েছেন মন্দির কমিটির এক সদস্য। মারিজুয়ানা কিংবা পাউডারও এই সময় প্রকাশ্যে সেবন করা যায়। এবং অদ্ভুতভাবেই তাকে নেশার পর্যায়ে ফেলা হয় না। মন্দিরেরও দাবি, ফূর্তি করার জন্য গাঁজা দেওয়া হয় না।
এক ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেখানকার ভক্তদের উপজাতির কাছে পৌঁছে গিয়েছিলেন এক অধ্যাপিকা। যিনি জানান, যাঁরা প্রসাদ হিসেবে গাঁজা সেবন করেন, তারা কিন্তু অন্যসময় মাদকের নেশা করেন না। শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদ পেতেই এই অভ্যাস তৈরি করেছেন তারা।
ইত্তেফাক/বিএএফ