ভারতের প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবায় প্রতিদিন পাল্লা দিয়ে বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যেই দেশটির অন্যতম দর্শনীয় স্থান তাজমহল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়, ভারতে পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় স্থান তাজমহল প্রায় ছয় মাস বন্ধ থাকার পর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এমন সময় ভারত করোনা ভাইরাসের সংক্রমণে সবচেয়ে ভয়াল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
ভারতের উত্তর প্রদেশের পর্যটন বিভাগের উপ পরিচালক অমিত শ্রীভাস্তু এএফপিকে জানিয়েছেন, চলতি মাসের ২১ তারিখ তাজমহল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনা ভাইরাস রোধে সকল নিয়ম কানুন মেনে চলা হবে এবং পর্যটকদের অবশ্যই মাস্ক পড়ে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
এদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৫ হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে এবং সেই সঙ্গে ১১৩৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আরও পড়ুন: ভারতীয় সেনারা প্রথম সীমা লঙ্ঘন করে গুলি চালিয়েছে: চীন
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে এ পর্যন্ত ৪২ লাখ ৭৭ হাজার ৫৯৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৭২ হাজার ৮১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ লাখ ২৩ হাজারের বেশি করোনা রোগী।
সর্বোচ্চ করোনা রোগী শনাক্তদের দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
ইত্তেফাক/আরআই