‘এভিয়েশনে তরুণদের রয়েছে অপার সুযোগ’

—যাকি এস বারি

যাকি এস বারি, এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এভিয়েশন সেক্টরে রয়েছে তরুণদের কাজের অনেক সুযোগ। এই খাতের বিভিন্ন বিষয়ে তার সাক্ষাত্কার নিয়েছেন বেনজির আবরার

 

ছোটবেলা ও ক্যারিয়ার—

ছোটবেলা থেকেই আগ্রহ ছিল এয়ারলাইন্স এবং এয়ারপ্লেনের প্রতি। পাইলট হওয়ার ইচ্ছে থাকলেও—সাইন্সে না পড়ার কারণে আর পাইলট হওয়া হয়নি। তবে পাইলট না হয়েও কিভাবে এয়ারলাইন্স বা এয়ারপোর্টে ক্যারিয়ার গড়া যায়, সেই ব্যাপারেই খোঁজখবর নিতে থাকি গ্র্যাজুয়েশন করা অবস্থায়। ইংরেজিতে অনার্সে অধ্যায়নরত অবস্থায়ই এভিয়েশন বিষয়ক কিছু কোর্স করি। ২০১০ সালে গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই প্রথমে কিছু ট্রাভেল এজেন্সিতে, এরপর ড্রুক এয়ারওয়েজের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে এবং সর্বশেষ সৌদি এয়ারলাইন্সের হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গ্রাউন্ড অফিসার পদে ২০১৭ পর্যন্ত চাকরি করি। আর ২০১৭ সালের শেষ দিকে এসে প্রতিষ্ঠা করি এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টার।

উদ্যোক্তা হলেন কেন?

যখন আমি এভিয়েশন বা ট্রাভেল ট্যুরিজম সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য চেষ্টা করতে থাকি। তখনই খেয়াল করেছি— এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার গড়ার ব্যাপারে ভালো পরামর্শ দেওয়ার মতো কোনো ভালো প্রতিষ্ঠান নেই এবং আমাদের দেশে এ বিষয়ক প্রতিষ্ঠান খুব কম এবং সেগুলোর খরচ অনেক। তখন থেকেই আমার ইচ্ছে ছিল—যদি কখনো প্রতিষ্ঠিত হতে পারি, তবে এমন একটি ইনস্টিটিউট দাঁড় করাব। তাই ২০১৭ সালে চাকরি ছেড়ে দেশের আরো তরুণ-তরুণীকে এই ট্রেডে ক্যারিয়ার গড়ার বিষয়ে সহায়তার লক্ষ্যে দাঁড় করাই এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টার।

এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টারের বর্তমান কার্যক্রম— বর্তমানে এইচবি এভিয়েশনে ‘এয়ারটিকেটিং অ্যান্ড ট্রাভেল ট্যুরিজম প্রফেশনাল’ কোর্সটি অফলাইন এবং ই-লার্নিং হিসেবে চালু আছে। অফলাইন কোর্সটি ৩ মাস মেয়াদি, প্রতি সপ্তাহে বর্তমানে শুধুই শুক্রবার ক্লাস হচ্ছে। আমরা মূলত এয়ার টিকেটিংয়ের ৩টি ই-টিকেটিং সফটওয়্যার সেইবার, এ্যামাডিউস এবং গ্যালেলিওর প্র্যাক্টিক্যাল প্রশিক্ষণ দিয়ে থাকি এই কোর্সে। সেইসঙ্গে ট্রাভেল ট্যুরিজম  সম্পর্কিত বিষয়ও শেখানো হয়। hbskillsbd.com —এই ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে আমাদের ই-লার্নিং কোর্সটি।