চন্দ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয়নি দীর্ঘ ৫০ বছরেও। শিক্ষাপ্রতিষ্ঠানটি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে। প্রায় ১৫ বছর আগে ছোট দুই কক্ষ বিশিষ্ট একটি স্থাপনা তৈরি হয়েছিল, যা এখন অফিস হিসেবে ব্যবহার হচ্ছে। পাকা টিনশেড ঘর বার বার সংস্কার করে বিদ্যালয়ের পাঠদান চলে। বিদ্যালয়টি অব্যবস্থাপনার জন্য এ গ্রেড থেকে বি গ্রেডে নেমেছে। আধুনিক ভবন নির্মাণ করে বিদ্যালয়ের সুনাম ফিরিয়ে আনা হোক। এটি প্রতিষ্ঠিত হয় ১৯০১ সালে, মদনপুর মৌজার জেএল নং ১৭, খতিয়ান নং ০৩, দাগ নং ২৮১৯, ২৮২২, ৩৮৪৫-এ ৭১ শতক জমিতে। এ জমি চন্দ্রগ্রামের বিশিষ্ট আইনজীবী সুধারন্দ্রনাথ চৌধুরী ও অভয়াচরণ সেনাপতি দান করেন। প্রাচীন বিদ্যালয়টি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। ফলে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কমে গিয়েছে। অতীতের সুনাম ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থাপনা দরকার। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শুভ্র নীল চক্রবর্তী
চন্দ্রগ্রাম, বিশ্বনাথ, সিলেট