ক্যাপশন চিঠি

গাজীপুরের শ্রীপুরের মাওনা থেকে ফুলবাড়িয়া রাস্তার মাওনা বাজারের ঠিক পরেই বৈদ্যুতিক একটি খুঁটি এমন করে হেলে আছে অনেক দিন ধরে। শিল্প এলাকা হওয়ায় এ রাস্তায় প্রতিদিন অনেক মানুষ ও যানবাহন চলাচল করে। রাতে দূর থেকে এ খুঁটি অনেক সময় ঠাওর করা যায় না। দুটো গাড়ি পাশাপাশি ওভারটেক করার সময় যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। খুঁটির জন্য আপাতত কোনো সাপোর্ট নেই। এ অবস্থা অত্যন্ত বিপজ্জনক। প্রতিদিন পল্লিবিদ্যুতের অনেকেই এ রাস্তায় যাতায়াত করেন, কিন্তু হেলে পড়া খুঁটির ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। কেউ অভিযোগ করলে তারপর কাজ করতে হবে—এমন ধারণা থেকে বের হয়ে আসা প্রয়োজন বলে মনে করি। এ রাস্তায় আরো কয়েকটি খুঁটি হেলে আছে। সবগুলো খুঁটি সোজা করে দেওয়ার সঙ্গে সঙ্গে খুঁটিগুলোতে লাইট ডিটেকশন পেপার ব্যবহার করা হোক, যাতে রাতে গাড়ি চলাচলের সময় লাইটের প্রতিফলনে বোঝা যায় কত দূরে দূরে খুঁটির অবস্থান। আশা করি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন। 

সাঈদ চৌধুরী, শ্রীপুর, গাজীপুর