এ বছর সবচেয়ে খারাপ সময়টা বোধহয় আমাদের যাচ্ছে। প্রতিটি সেকেন্ড মনে হয় এই বুঝি পরীক্ষার নোটিশ আসে। তারপর আছে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে অবাক করা বিভিন্ন রকমের ভুল তথ্য। এমন অবস্থায় যদি সত্যি সত্যিই পরীক্ষার নোটিশ আসে, তাহলে শুরুতে বোধহয় বিশ্বাসই হবে না। অথচ গেল মার্চ মাসে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে নিজেকে কতই না কঠিনভাবে গুছিয়ে নিয়েছিলাম। স্মার্টফোন দূরে রাখা, সময়মতো খাওয়াদাওয়া, বাইরে প্রয়োজন ছাড়া না যাওয়া। বন্ধুদের সঙ্গে আড্ডা কম দেওয়া। এখন খুব যে আগ্রহ নিয়ে পড়তে বসি তা কিন্তু না, তবে যতক্ষণ পড়তে মন চায় ঠিক ততক্ষণই পড়ি। নিয়মের সেই শক্ত রুটিন এখন পুরোটাই এলোমেলো। অথচ এসএসসি পাশ করার পর আইন নিয়ে পড়ার যে স্বপ্ন তা প্রচণ্ডভাবে মাথার ভেতর জেঁকে বসেছিল। সেইজন্যেই ইন্টারমিডিয়েটে কঠোর পরিশ্রম করার মাধ্যমে ভালো একটা রেজাল্টের আশা করতাম। তারপর স্বপ্ন দেখতাম পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর একটিতে চেষ্টা করব আইন নিয়ে পড়ার। কিন্তু আদৌ পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব কি না জানি না। পরীক্ষা নিয়ে মনের ভেতর যে দুশ্চিন্তা শুরু হয়েছে তা সারাক্ষণ আমার স্বপ্নকে একটু একটু করে আঘাত করে। এমন করেই দিন পার হয়ে যায়, রাত আসে দেখতে দেখতে, রাতও ফুরিয়ে যায়। কিন্তু স্বপ্ন সেই আগের জায়গাতেই থেমে থাকে। স্বপ্ন পূরণ হবে কি না জানি না। তবে শুধু এতটুকুই জানি—পৃথিবী থেমে গেছে বলে নিজেকে কখনোই থামিয়ে রাখব না। যত কিছুই হোক না কেন, হার মানব না। মনোবল রাখব। ভাঙব তবু মচকাব না।
ইস্তিয়াক আহমেদ হূদয়
এইচএসসি পরীক্ষার্থী, নওগাঁ সরকারি কলেজ