হালান্ড জাদু চলছেই

কোম্যানহীন নেদারল্যান্ডসের প্রথম হার

স্পোর্টস ডেস্ক

শুরুর মধুচন্দ্রিমা চলছেই আর্লিং হালান্ডের। তার জোড়া গোলে ভর করেই নরওয়ে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে উত্তর আয়ারল্যান্ডকে। দিনের অন্য ম্যাচে কোচ রোনাল্ড কোম্যানকে ছাড়া দ্বিতীয় ম্যাচে খেলতে নামা নেদারল্যান্ডস প্রথম হারের বিস্বাদ নিয়েছে ইতালির কাছে।

নরওয়েজিয়ান ফরোয়ার্ড হালান্ড ইউরোপীয় ফুটবলে নিজের আগমনীবার্তা শুনিয়েছিলেন গত মৌসুমে। রেডবুল সালজবুর্গ থেকে এসেছেন বরুসিয়া ডর্টমুন্ডে, এরপর দেখতে দেখতে মৌসুমটাও শেষ হয়ে গেছে। তাতে করে যে ফর্মটাও শেষ হচ্ছে না তারই যেন প্রমাণ দিচ্ছেন হালান্ড। নেশন্স লিগের লিগ বি গ্রুপ ১ এর প্রথম ম্যাচেও লক্ষ্যভেদ করেছিলেন। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা তবুও হেরেছিল তার দল। কিন্তু সোমবার রাতে আর কোনো ভুলচুক করেনি দলটি। হালান্ডের সঙ্গে জোড়া গোল করেছেন তার আক্রমণসঙ্গী আলেক্সান্ডার সরলথও, সঙ্গে মোহামেদ এলিউনুসির লক্ষ্যভেদ মিলিয়ে দারুণ এক জয়ই পেয়েছে দলটি। দুই গোল করে আর একটি করিয়ে আলো ছড়ানো হালান্ডের ভূয়সী প্রশংসাই ম্যাচের পর করলেন কোচ লার্স ল্যাগারব্যাক। বললেন, ‘অনেক বছর ধরেই কোচিংয়ে আছি, কিন্তু মেসি-রোনালদোর পর আর কোনো খেলোয়াড়কেই এত কম বয়সে এত পরিপক্ব দেখিনি। এমনটা খুবই বিরল।’