এএফপি
ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদো আগামী ৬ ডিসেম্বর আইনসভার নির্বাচন বয়কট এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর আন্তর্জাতিক চাপ জোরদারে সহযোগিতার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সময় সোমবার সামাজিক মাধ্যমে এক বক্তব্যে গুয়াইদো ৬ ডিসেম্বরের নির্বাচন প্রত্যাখ্যান করে বিরোধী শক্তির ‘ইউনিটি প্যাক্টে’ যোগ দেওয়ার জন্য শীর্ষ সামরিক কমান্ডারদের প্রতি অনুরোধ জানান। মিত্র রাশিয়া এবং ইরানের পাশাপাশি মাদুরো শাসনের মূল স্তম্ভ হিসেবে বিবেচিত সামরিক শীর্ষ কমান্ডারদের উদ্দেশ্য করে বার্তায় গুয়াইদো বলেন, ‘স্বৈরশাসকের জামার আড়ালে লুকানো এবং ভেনিজুয়েলার বাস্তবতা উপেক্ষা করা বন্ধ করুন।’ তিনি বলেন, ‘যারা পরিবর্তন চায় তাদের সঙ্গে আবার বসতে চাই।’