নওগাঁ-বদলগাছী সড়ক
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
সওজের অধীনে থাকা নওগাঁ-বদলগাছী সড়কের চাংলা নামক স্থানে সড়ক দেবে গেছে। গত রবিবার একটি ট্রাককে অপর একটি ট্রাক সাইড দিতে গেলে সড়কের ঐ অংশ দেবে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে স্থানীয়রা ঐ স্থানে লাল পতাকা ঝুলিয়ে দেয়। এছাড়াও উপজেলা চৌরাস্তার মোড় থেকে নওগাঁ সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বেহাল হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে প্রায়ই বিকল হয়ে যায় বিভিন্ন যানবাহন। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষ ও যানবাহনকে। ট্রাক ড্রাইভার আমিনুর ও আজাদ বলেন, ‘আমরা পঞ্চগড় থেকে বালু, পাথর নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করি। সড়কটি বেহাল হয়ে পড়ায় এ সড়ক দিয়ে চলাচল করতে ভয় হয়। অনেক সময় লোড গাড়ির পাতি ভেঙে পড়ে। কখনো কখনো গাড়ি উলটে যায়।’ এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু তাহির বলেন, নওগাঁ-বদলগাছী সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। নওগাঁ জেলা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন, বিষয়টি আমি কয়েক দিন আগে জেনেছি। গর্তে ইট ও বালু দেওয়া হয়েছে। বরাদ্দ নিয়ে এ সড়কের কাজ করতে হবে।