ভাবি আটক
কুমিল্লা প্রতিনিধি ও দেবীদ্বার সংবাদদাতা
কুমিল্লার দেবীদ্বারে ছোট ভাইকে মারধর করে হত্যার পর বস্তাবন্দি করে ঘরের ভেতরেই মাটিচাপা দিয়েছিল বড় ভাই ইব্রাহিম মিয়া। নিহতের নাম সোহেল মিয়া (৩২)। এ ঘটনায় বড় ভাইয়ের স্ত্রী রোজিনা আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি অনুযায়ী মাটির নিচ থেকে মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, গত ৩০ আগস্ট উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ইব্রাহিম ও সোহেল মিয়ার মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে ইব্রাহিম স্ত্রী রোজিনাকে নিয়ে ছোট ভাইকে পেটালে সে মারা যায়। ঘটনা ধামাচাপা দিতে লাশ বস্তাবন্দি করে ঘরের ভেতরে মাটিচাপা দেয়। ঘাতক ইব্রাহিমের স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ সোহেল মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইব্রাহিমকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।