ইত্তেফাক রিপোর্ট
‘কোভিড-১৯-পরবর্তী সুস্থ ও কর্মক্ষম জীবনে ফিরতে ফিজিওথেরাপি চিকিত্সার ভূমিকাই মুখ্য’—এই প্রতিপাদ্য সামনে রেখে সাভারে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সাভারের বেলা স্পেশালাইজড থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতেই প্রতিষ্ঠানটির সাভার কার্যালয়ে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং বাত, ব্যথা, প্যারালাইসিস ও কোভিড-১৯-পরবর্তী রোগীদের দিনব্যাপী বিনা মূল্যে চিকিত্সাসেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর প্রতিষ্ঠানটির হলরুমে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় ফিজিওথেরাপি চিকিত্সার ভূমিকা নিয়ে আলোচনা করেন ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের মহিলা ও উন্নয়নবিষয়ক সম্পাদক ডা. রোকসানা আক্তার।