ট্রাক টার্মিনাল নির্মাণসহ ৯ দফা দাবি
বিশেষ প্রতিনিধি
ট্রাক টার্মিনাল নির্মাণসহ ৯ দফা দাবিতে বৃহত্তর আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। এ ব্যাপারে আগামী ১৪ সেপ্টেম্বর সমাবেশ করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সোমবার রাজধানীর যাত্রাবাড়ী ট্রাক টার্মিনালে মালিক-শ্রমিক সমন্বয় সভায় নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী।
সভায় সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান বলেন, গত ২৬ আগস্ট বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর) বিনা নোটিশে গাবতলী বেড়িবাঁধে আকস্মিক অভিযান চালিয়ে ১৭টি গাড়ি ভাঙচুর ও চারটি গাড়ি মালামালসহ নিলামে বিক্রয় করে দেয়। এতে মালিক ও শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। তিনি গাড়িগুলোর ক্ষতিপূরণ দাবি করেন। সভায় অন্য নেতৃবৃন্দ বলেন, সারাদেশে বাসের জন্য ৬৪টি জেলায় ৬৪টি বাস টার্মিনাল রয়েছে। কিন্তু একটি ট্রাক টার্মিনাল সরকার এখনো নির্মাণ করেনি। যা অত্যন্ত দুঃখজনক। যার কারণে রাস্তায় রাস্তায় মালামাল নিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকতে হয়।
সভায় প্রধান অতিথি ওসমান আলী বলেন, মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের ৯ দফা দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত রয়েছে। সারাদেশে একের পর এক জনসভার মাধ্যমে মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্ণ সমর্থন রয়েছে বলে ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মনির, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উক্ত সভায় গাজীপুর জেলা ট্রাক মালিক সমিতি, ঢাকা জেলা ট্রাক মিনি ট্রাক মালিক সমিতি, ঢাকা জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, ঢাকা জেলা ট্রাক মালিক সমিতি, নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি, নারায়ণগঞ্জ জেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।