মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বহিষ্কতরা হলেন— সদর উপজেলার নবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. রাকিব হোসেন ফরহাদ, হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন ও একই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল হোসেন। সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গভীর নলকূপ বসানোর নামে অর্থ আদায়, দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ঘর প্রদানের নামে অর্থ আদায়, সরকারের বিভিন্ন প্রকল্পে অনিয়ম, প্রকল্পের কাজ সম্পন্ন না করা, অগ্রিম অর্থ উত্তোলন ও ভুয়া বিল ভাউচার দাখিল করে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়।