বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান কাজলকে অশ্রুসিক্ত শেষ বিদায়

সড়ক দুর্ঘটনায় নিহত যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলকে শ্রদ্ধা, ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায় জানিয়েছে উপজেলাবাসী। মঙ্গলবার দুই দফা নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি বাঘারপাড়া উপজেলার আমুড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাকে শেষ বিদায় জানাতে উপজেলা চত্বর ও গ্রামের বাড়িতে ছিল হাজারো মানুষের ঢল। সোমবার বিকালে ব্যাবসায়িক কাজে হবিগঞ্জ থেকে ফেরার পথে মাধবপুরে সড়ক দুর্ঘটনায় তিনিসহ চার জন নিহত হন। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম কাজলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার দুপুরে তার মরদেহ বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে এসে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন বন্ধু স্বজন ও রাজনৈতিক অনুসারীরা। মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান যশোর-৪ আসনের এমপি রণজিত কুমার রায়, বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ। এর পর যশোর জেলা আওয়ামী লীগ, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রথম জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় ভাংগুড়া কলেজ মাঠে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। সমবেদনা জানাতে যান স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, মনিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানমসহ দলীয় নেতাকর্মীরা।