চুরির জন্য ইউএনওর ওপর হামলার বিষয়টি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি জানিয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ ঘটনার পেছনের গডফাদারদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাসায় চুরির ঘটনা, এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। তাহলে কী কারণে তার ওপর হামলা হয়েছে? আরো ইনভেস্টিগেশনের জন্য গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছি। পেছনে আর কী রহস্য রয়েছে, এ ঘটনার গডফাদার কোথায় বা কারা সেগুলো দেখার জন্য বলেছি। তিনি আরো বলেন, আপনারা শুনেছেন ইতিমধ্যে ইউএনওদের বাসভবনে পুলিশ মোতায়েন করেছি যাতে তাদের রাত্রিকালীন নিরাপত্তা থাকে। আজকে আমরা সংশোধন করে বলেছি, পুরো উপজেলা কমপ্লেক্সের নিরাপত্তা দিতে, কারণ সেখানে আরো অফিসার থাকেন। সেখানে অনেক অফিসারই পরিবার নিয়ে বাস করেন, তাদেরও নিরাপত্তার প্রশ্ন রয়েছে।