ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত রাশিয়ার করোনা ভ্যাকসিনের ট্রায়ালের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল। বিজ্ঞানীদের দাবি, ট্রায়ালের ফলে কিছু অংশ তাদের কাছে অকল্পনীয় বলে মনে হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন ল্যানসেট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে অ্যান্টিবডির মাত্রা ও অন্যান্য প্যাটার্নগুলোর মধ্যে একাধিক জায়গায় মাত্রাতিরিক্ত সাদৃশ্য পাওয়া গেছে। আর এই বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করে ল্যানসেটের সম্পাদক ড. রিচার্ড হর্টন ও গবেষণা প্রতিবেদনটির লেখকদের উদ্দেশ্যে চিঠি লিখেছেন বিশ্বের খ্যাতনামা ১৬ বিজ্ঞানী। এদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক এনরিকো এম বুচ্চিসহ ইতালি, জার্মানি, জাপান ও ফ্রান্সের বিজ্ঞানীরাও।
এ নিয়ে ল্যানসেটের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তারা এই ফল নিয়ে বিতর্ককে উৎসাহিত করবে। একটি বিবৃতিতে ল্যানসেটের পক্ষ থেকে বলা হয়, আমরা সরাসরি কর্তৃপক্ষের কাছে এই চিঠি দিয়েছি এবং এ নিয়ে বিজ্ঞান সম্মত আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি।
এদিকে নিজেদের ট্রায়ালের ফল সঠিক বলে দাবি করেছে রাশিয়ার করোনা ভ্যাকসিন তৈরিকারী প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি।
রাশিয়ার সংবাদমাধ্যম মেদুজাকে দেয়া সাক্ষাতকারে গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উপ-পরিচালক ডেনিস লোগুনভ বলেন, যদি ল্যানসেট আমাদের কাছে এর স্পষ্টতা চায় তাহলে আমরা এর জবাব দিতে প্রস্তুত।
ইত্তেফাক/এআর