ভারতে থামছে না করোনার লাগাম, ফের শনাক্ত ৯০ হাজার 

ভারতে কোনভাবেই থামছে না প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮৯ হাজার ৭০৬ জন রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৪৩ লাখ ৭০ হাজার ১২৮ জনে দাঁড়ালো। বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। 

এছাড়া গত একদিনে দেশটিতে করোনায় মারা গেছে এক হাজার ১১৫ জন। এতে ভারতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৩ হাজার ৮৯০ জনে। বিশ্বে করোনা শনাক্ত রোগীর সংখ্যার হিসেবে ভারতের অবস্থান দ্বিতীয়।  

তবে আশার খবর হিসেবে দেশটি জানিয়েছে, ইতোমধ্যে করোনা থেকে প্রায় ৩৩ লাখ লোক সুস্থ হয়ে উঠেছেন। এতে দেশজুড়ে সুস্থতার হার ৭৭ দশমিক ৩২ শতাংশ।  

করোনায় ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যে শনাক্ত রোগী প্রায় সাড়ে নয় লাখ। মারা গেছে ২৭ হাজারে বেশি মানুষ। 

এরপরেই অবস্থান অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কর্ণাটক, উত্তর প্রদেশ ও দিল্লির। এনডিটিভি। 

ইত্তেফাক/এসআর