নতুন চলচ্চিত্রে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণ ২০১৮ সালে সর্বশেষ একটি সিনেমাতে অভিনয় করেছিলেন। বেশকিছুদিনের বিরতি শেষে নিপুণ আবারো নতুন একটি সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নাট্যনির্মাতা সাইদুল ইসলাম রানার প্রথম চলচ্চিত্র ‘বীরত্ব’ সিনেমাতে অভিনয়ের জন্য গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নিপুণ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এই সিনেমার গল্পের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র লুত্ফা। নিপুণকে লুত্ফা চরিত্রে অভিনয়েই দেখা যাবে বলে জানিয়েছেন নিপুণ। সিনেমাটির প্রযোজক শুক্লা বনিক, নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত। ইকবাল মাহমুদ বাপ্পীর সার্বিক সহযোগিতায় সিনেমাটি নির্মিত হবে ‘পিং পং এন্টারটেইনমেন্টের ব্যানারে। পরিচালক জানান, আগামী ১ অক্টোবর থেকে ফরিদপুরে সিনেমাটির প্রথম লটের কাজ শুরু হবে। প্রথম লটেই নিপুণ অভিনয় করবেন। মাঝে বেশকিছু সিনেমাতে কাজ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আমার কাছে গল্পটা খুউব ভালো লেগেছে। পাশাপাশি আমি যে চরিত্রে অভিনয় করব তাও ভীষণ ভালো লেগেছে। আমার কাছে পুরো টিমটাও বেশ গুছানো মনে হয়েছে। যদিও বা আমি এখন আগের মতো অভিনয়ে নিয়মিত নই, কিন্তু ভালো গল্প ও ভালো চরিত্রে কাজ করার সুযোগ এলে তা করার যে চেষ্টা করি ‘বীরত্ব’ যেন তারই প্রমাণ। তবে এটা ঠিক আমি যদি আমার ব্যবসা ঠিকঠাকমতো না চালিয়ে যেতে পারতাম তাহলে এতো এতো মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়াতে পারতাম না। আমার বিশ্বাস ‘বীরত্ব’ সিনেমাটি খুব ভালো একটি সিনেমা হবে।’ ‘বীরত্ব’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। তিনি নিজেও সিনেমার জন্য গান রচনা করেছেন। অভিনয়ে নিপুণের আদর্শ নায়ক রাজ রাজ্জাক ও শাবানা। ২০১৮ সালে নিপুণ উত্তম আকাশের নির্দেশনায় সর্বশেষ ‘ধুসর কুয়াশা’ সিনেমায় অভিনয় করেছিলেন। ২০০৮ সালে ‘সাজঘর’ এবং ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন নিপুণ।