ডমিঙ্গো করোনা নেগেটিভ

করোনা নেগেটিভ রিপোর্ট নিয়েই ঢাকামুখী বিমানে চড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। ঢাকায় এসে করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন আরেকবার। এবারও নেগেটিভ ফলাফল এসেছে এই প্রোটিয়া কোচের। একই রকম স্বস্তিদায়ক খবর আছে ফিল্ডিং কোচ রায়ান কুকেরও। তারও নেগেটিভ ফলাফল এসেছে।

ঢাকায় ফিরে একটি হোটেলে আইসোলেশনে আছেন ডমিঙ্গো ও কুক। গত ৭ সেপ্টেম্বরই তাদের নমুনা নেওয়া হয়েছিল। এখন সরকারের অনুমতি সাপেক্ষে যে কোনো দিন মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে পারবেন তারা।

জানতে চাইলে গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘হেড কোচ ভালো আছেন। কোনো সমস্যা নেই। প্রথমদিনই তাদেরটা করা হয়েছিল।’

প্রথম দিনে ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্ট স্টাফের মাঝে দুজনের ফলাফল পজেটিভ এসেছিল। করোনা ধরা পড়েছিল ক্রিকেটার সাইফ হাসান ও ট্রেনার নিক লির।

গত ৮ সেপ্টেম্বর আরো আট জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছিল। আশার কথা, এ যাত্রায় কারোই পজেটিভ আসেনি। দেবাশীষ চৌধুরী গতকাল বলেছেন, ‘গতকাল (৮ সেপ্টেম্বর) যাদের পরীক্ষা করা হয়েছে। সবাই ভালো আছেন। ভালো খবর। সাপোর্ট স্টাফদের সবাই নেগেটিভ।’ গতকাল তৃতীয় দিনে ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ও বোলিং কোচ ওটিস গিবসন করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন। গত ৮ সেপ্টেম্বর সকালে ঢাকায় পৌঁছেছিলেন ক্যারিবিয়ান এই বোলিং কোচ। এর মধ্য দিয়ে প্রথম ধাপের করোনা পরীক্ষা শেষ হলো বিসিবির।