বৃহস্পতিবার শুরু অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিওতে আবেদন

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া অ্যাসোসিয়েটেড অক্সিজেনের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিওতে) বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির আইপিওতে আবেদন ১০ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে ১৬ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩২তম সভায় কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মজুত ছাউনি, প্ল্যান্ট শেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ পরিচালনা করা হবে। অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৭ দশমিক ৩৭ টাকা। উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।