করোনা ভাইরাস ইংল্যান্ডে ছয় জনের বেশি জমায়েত নিষিদ্ধ

করোনা ভাইরাস সংক্রমণের সাম্প্রতিক ঊর্ধ্বগতিতে বিচলিত ইংল্যান্ড কিছু ব্যতিক্রম বাদে চারদেওয়ালের ভেতরে-বাইরে সর্বত্র একসঙ্গে ছয় জনের বেশি সামাজিক জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে।

আগামী সোমবার থেকে নতুন এই নিয়ম কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। তবে স্কুল, অফিস, কোভিড-সুরক্ষিত বিয়ের অনুষ্ঠান, শোকসভা এবং দলবদ্ধ খেলাধুলা নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকছে।

বিধিনিষেধ অমান্যে জরিমানা ১০০ পাউন্ড থেকে সর্বোচ্চ ৩ হাজার ২০০ পাউন্ড পর্যন্ত হতে পারে। তবে যেসব বাড়ি বা সুরক্ষিত স্থানগুলোতে ছয় জনের বেশি সদস্য আছেন তাদের ক্ষেত্রে ছাড় প্রযোজ্য হবে। ছয় জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোথায় কোথায় ছাড় দেওয়া হবে, যুক্তরাজ্য সরকার পরে তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছে বিবিসি।।

বুধবার ডাউনিং স্ট্রিটের সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ-সংক্রান্ত আরো বিস্তারিত জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে জনসন বলেছেন, ‘ভাইরাসের বিস্তৃতি ঠেকাতে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। আমরা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিয়ম সহজ ও জোরদার করেছি, যেন তা বুঝতে সুবিধা হয় এবং পুলিশও তা কার্যকর করতে পারে। জনসাধারণের জন্য এসব নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। ‘অবশ্যই মূল বিষয়গুলো মনে রাখবেন—(সাবান দিয়ে) হাত ধোবেন, মুখ ঢেকে রাখবেন, অন্যদের থেকে দূরত্ব বজায় রাখবেন এবং উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করাবেন।’ ১৪ সেপ্টেম্বর নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে সাত জন কিংবা তার বেশি লোক জমায়েত হলে পুলিশি অভিযান ও জরিমানার সম্মুখীন হতে হবে বলে সতর্ক করেছে ডাউনিং স্ট্রিট। ইংল্যান্ডের সব বয়সীর ওপর নতুন এই নিয়ম বলবত্ হবে। চারদেওয়ালের ভেতরে-বাইরে, ব্যক্তিগত বাড়ি, জনসাধারণের যাতায়াত আছে এমন উন্মুক্ত জায়গা এবং পাব ও রেস্তোরাঁর মতো স্থানগুলোতেও এটি কার্যকর হতে যাচ্ছে। বিবিসির সাংবাদিক নিক ইয়ার্ডলি অবশ্য বলছেন, পাব ও রেস্তোরাঁগুলোর ভেতরে শেষ পর্যন্ত ছয় জনের বেশি ক্রেতাকে প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে। তবে এক্ষেত্রে ছয় জনের বেশি নয় এমন প্রতিটি দলকে একে অপরের থেকে দূরে দূরে রাখা হবে।