শুধু অনলাইনেই পাওয়া যাবে তাজমহলের টিকিট, খুলছে আগ্রা ফোর্টও

ভারতের প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল পরিস্থিতেই খুলে দেওয়া হচ্ছে দেশটির অন্যতম দর্শনীয় স্থান তাজমহল। তবে তাজমহল দর্শনের টিকিট পাওয়া যাবে শুধু মাত্র অনলাইনেই। তাজমহল রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভারতে পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় স্থান তাজমহল প্রায় ছয় মাস বন্ধ থাকার পর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর প্রতিদিন অনলাইন টিকিটের মাধ্যমে সপ্তমাশ্চর্য তাজমহলে প্রবেশের সুযোগ পাবে ৫ হাজার দর্শনার্থী। 

ভারতের উত্তর প্রদেশের পর্যটন বিভাগের উপ পরিচালক অমিত শ্রীভাস্তু এএফপিকে জানিয়েছেন, চলতি মাসের ২১ তারিখ তাজমহল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনা ভাইরাস রোধে সকল নিয়ম কানুন মেনে চলা হবে এবং পর্যটকদের অবশ্যই মাস্ক পড়ে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

আরও পড়ুন: উইঘুর নির্যাতন বন্ধের দাবি ১৩০ ব্রিটিশ এমপির

এদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেসের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রত্মতাত্তিক বিভাগের আগ্রা অঞ্চলের মহাপরিদর্শক বসন্ত স্বর্ণকর জানিয়েছেন আগামী ২১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট সংখ্যক দর্শণার্থীর জন্য তাজমহল খুলে দেয়া হবে। প্রসঙ্গত, ভারতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে তাজমহল বন্ধ।

ইত্তেফাক/আরআই