পানি নিষ্কাশন ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ায় রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে :তাপস

পানি নিষ্কাশন ব্যবস্থাপনা সঠিকভাবে হয়নি বলেই রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল দক্ষিণ বনশ্রীর বনবিথী সড়ক, দক্ষিণ মুগদা পাড়ায় মান্ডা খাল, দক্ষিণ মুগদা পাড়ায় মোস্তফা মাঝি মোড় এলাকায় অঞ্চল-৬ এর আঞ্চলিক কার্যালয়ের সম্ভাব্য স্থান, যাত্রাবাড়ী কাঁচা বাজারের পাকা মার্কেট, শনির আখড়ায় এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভার এবং জয়কালী মন্দির ও কাপ্তানবাজার সড়কের তিন রাস্তা মোড় পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় ডিএসসিসি মেয়র এ মন্তব্য করেন।

এ সময় জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ নিয়ে এক প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আপনারা লক্ষ্য করেছেন, আমরা যাত্রাবাড়ী কাঁচাবাজার ও এর আশপাশ এলাকা সরেজমিন পরিদর্শন করেছি। কিছুদিন আগেও গণমাধ্যমে আপনারাই প্রতিবেদন করেছেন যে, ধলপুর এলাকা ও এর আশপাশ এলাকায় ফ্লাইওভার থেকে নেমে আসা পানির কারণে জলাবদ্ধতা সৃষ্টি এবং এর ফলে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এর মূল কারণ আমরা এসে দেখলাম, ফ্লাইওভার থেকে নেমে আসা পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা করা হয়নি। যার ফলে রাস্তার ওপর সরাসরি ফ্লাইওভারের পানি আসে। বিষয়টি সুরাহা করতে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা হবে জানিয়েছেন ডিএসসিসি মেয়র।