আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে একটি চুক্তি করতে জোর ভূমিকা রাখায় নোবেল কমিটির কাছে তার নাম সুপারিশ করেছেন নরওয়ের এক এমপি। খবর ডেইলি মেইলের
এমপি ক্রিশ্চিয়ান টাইব্রিং জেদদে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, তিনি নিজে ট্রাম্পের সমর্থক নন। কিন্তু বিশ্বে শান্তি ফেরাতে শান্তি পুরস্কারের জন্য মনোনীত অন্যদের চেয়ে ভালো কাজ করেছেন ট্রাম্প। এমপি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যারা শান্তি পুরস্কার পেয়েছেন তাদের চেয়ে অনেক ভালো কিছু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। উদাহরণস্বরূপ, বারাক ওবামা তো কিছুই করেননি। পার্লামেন্টে চারবারের এমপি এবং ন্যাটোতে সংসদীয় প্রতিনিধি দলের চেয়ারম্যান টাইব্রিং জেদদে বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজে শান্তিচুক্তিতে আনুষ্ঠানিক স্বাক্ষর করবে আমিরাত ও ইসরাইল। গত ১৩ আগস্ট এই চুক্তির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। চুক্তি অনুযায়ী, ইসরাইলকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আমিরাত। প্রতিদানে ফিলিস্তিনির পশ্চিম তীরের এলাকা অধিগ্রহণ করার পরিকল্পনা বাতিল করবে ইসরাইল। ফিলিস্তিন গতকাল পর্যন্ত এই চুক্তিকে স্বীকৃতি দেয়নি।