ইউএনওর ওপর হামলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ----------------- আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গতকাল বুধবার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে ইউএনওকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইজিপি বলেন, ঘটনার পর থেকে পুলিশ, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রকৃত কারণ এবং কারা জড়িত তা বের করতে অভিযান শুরু করেছে। ইতিমধ্যে এ ঘটনায় বেশ কয়েক জনকে আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

আইজিপি আরো বলেন, আমরা তদন্ত শুরু করেছি। তদন্তে এসব বিষয়গুলো অবশ্যই বেরিয়ে আসবে। যারা প্রকৃত অর্থেই দোষী তাদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে।