বরিশালের উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ড ভ্যান ও বাসের ত্রিমুখী সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এছাড়া গাজীপুরে কাভার্ড ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত ও ১০ জন আহত, চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় এক জন নিহত এবং কক্সবাজারের চকরিয়ায় রিকশা উলটে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আমাদের বরিশাল অফিস ও উজিরপুর সংবাদদাতা জানান, গতকাল বিকাল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ড ভ্যান ও বাসের ত্রিমুখী সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত এবং বাসের ১০ যাত্রী আহত হন। নিহতের মধ্যে চার জন পুরুষ ও দুই জন নারী যাত্রী রয়েছেন। নিহতরা হলেন ঝালকাঠির বাউকাঠি এলাকার বাসিন্দা আরিফ হোসেন ও তার স্ত্রী শিউলী বেগম, আরিফের মা কহিনুর বেগম, ভাই কাইউম হোসেন, অ্যাম্বুলেন্সচালক কুমিল্লার আলমগীর হোসেন ও অ্যাম্বুলেন্সচালকের সহযোগী এক যুবক।
জানা গেছে, তিন দিন বয়সি মৃত তামান্নাকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে বাবা আরিফ ঢাকা থেকে স্বজনদের সঙ্গে ঝালকাঠির গ্রামের বাড়িতে আসার পথে মহাসড়কের আটিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী কাভার্ড ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি বাসও এসে সজোরে ধাক্কা দিলে তিনটি বাহনই দুমড়েমুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সের পাঁচ আরোহী ঘটনাস্থলে এবং গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, যানবাহন তিনটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাভার্ড ভ্যান ও বাসের কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে গাজীপুর প্রতিনিধি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নগপাড়া এলাকায় গতকাল বুধবার যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত ও আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানান, দুপুর ২টার দিকে বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে কাভার্ড ভ্যানটি ইউটার্ন নিয়ে চান্দনা চৌরাস্তার দিকে যাওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী শৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের ওপর উলটে পড়ে। এ সময় ঘটনাস্থলেই নুরুল ইসলাম নামে বাসের হেলপার মারা যান। আহত হন বাসের অন্তত ১০ যাত্রী। কভার্ড ভ্যান ও বাসটিকে জব্দ করা হয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গতকাল বুধবার সকালে ৯ নম্বর ভাটিয়ারী ইউনিয়নের টোব্যাকো গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মো. সাইফুল (৩০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। নিহত সাইফুলের বাড়ি ফটিকছড়ি উপজেলায়।
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চকরিয়ায় ব্যাটারিচালিত রিকশা উলটে সাহেদুল করিম নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে ফাঁসিয়াখালী-লামা সড়কের হাঁসেরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী সাহেদুল ডুলাহাজারা ইউনিয়নের উত্তরপাড়ার মমতাজ আহমদের ছেলে।