‘কর্তৃত্ববিহীন’ তদন্ত বন্ধে ইউজিসির চেয়ারম্যানকে রাবি উপাচার্যের চিঠি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের বিরুদ্ধে প্রগতিশীল শিক্ষকদের একাংশের দুর্নীতির অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গণশুনানির আয়োজন পক্ষপাতিত্বমূলক বলে অভিযোগ আনা হয়েছে।

গতকাল বুধবার ইউজিসির চেয়ারম্যান বরাবরে লেখা এক চিঠিতে রাবি উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান এই অভিযোগ তুলে কর্তৃত্ববিহীন তদন্ত কমিটির সব কার্যক্রম বন্ধেরও অনুরোধ জানান। চিঠিতে রাবি উপাচার্য তার বিরুদ্ধে আয়োজিত গণশুনানিকে ইউজিসির কর্তৃত্ববহির্ভূত, আদালত অবমাননাকর এবং রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করা হয়েছে বলেও উল্লেখ করেছেন।

চিঠিতে বলা হয়েছে, দি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অব বাংলাদেশ অর্ডার ১৯৭৩ [দি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অব বাংলাদেশ (সংশোধিত) অ্যাক্ট ১৯৯৮] এ উপাচার্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের জন্য তদন্ত কমিটি গঠনের কোনো ক্ষমতা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দেওয়া হয়নি। রাজশাহী ইউনিভার্সিটি অ্যাক্ট ১৯৭৩-এর ১১ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তথা আচার্য কর্তৃক উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন। উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের তদন্ত তাই শুধু নিয়োগকর্তা দ্বারা সম্পন্ন করা আইনসিদ্ধ।

চিঠিতে বলা হয়েছে, উপাচার্যের বিরুদ্ধে যেসব মিথ্যা অভিযোগ উত্থাপিত হয়েছে এ বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে পৃথক রিট পিটিশন বিচারাধীন রয়েছে। একই বিষয় নিয়ে তাই ইউজিসির তদন্ত বা প্রশ্ন উত্থাপন করা আদালত অবমাননার শামিল বটে।