সওজের সাবেক প্রধান প্রকৌশলী সস্ত্রীক বিদেশ যেতে পারবেন

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. জাওয়েদ আলম ও তার স্ত্রী আনোয়ারা বেগমের বিদেশ যাত্রার ওপর দুদকের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেয়। এর ফলে তাদের বিদেশ যেতে আর কোনো বাধা রইল না। তবে তিন মাসের মধ্যে বিদেশ থেকে ফিরে তাদের আদালতে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। এছাড়া দুদক কর্তৃক জব্দ করা স্থাবর সম্পত্তি ও ফ্রিজ করা ব্যাংক হিসাবের মধ্যে মো. জাওয়েদ আলম পেনশনের যে টাকা প্রাপ্ত হবেন তা অবমুক্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।