ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার মামলায় গতকাল বুধবার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোসাম্মত্ কামরুন্নাহার একটি প্রশিক্ষণে থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ২০ সেপ্টেম্বর এই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
গত ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলা বাস স্টপেজে ঢাবির বাস থেকে নামার পর ঐ ছাত্রীকে মুখ চেপে পাশের একটি স্থানে নিয়ে যায় আসামি মজনু। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। এ ঘটনায় করা মামলায় গত ১৬ মার্চ একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ২৬ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে ১৬ জনকে। ভুক্তভোগীর পোশাক ও মোবাইল ফোনসহ ২০টি আলামত জমা দেওয়া হয়েছে অভিযোগপত্রের সঙ্গে। এই মামলায় গ্রেফতারকৃত মজনু ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানববন্দিতে তিনি একাই ঘটনার সঙ্গে জড়িত বলে জানান।