বাংলা সঙ্গীতের রাজা হিসেবেই সবাই তাকে জানতেন। তিনি রাজাই ছিলেন। সুরে, গীতে, সঙ্গীতায়োজনে তিনি সমৃদ্ধ করেছেন এই বাংলা গানকে। বাংলা গানের একাধিক শিল্পীর স্রষ্টা তিনি। যাদের নামের আগে কিংবদন্তী বিশেষণ ব্যবহার করা হয়। আলাউদ্দিন আলী ছিলেন সেই সকল কিংবদন্তীদেরও সমৃদ্ধ জীবন গড়ার কারিগর।
বাংলা গানের এই শ্রেষ্ঠ সম্পদকে নিয়ে তার স্মরণে ‘জীবন যেখানে যেমন’ অনুষ্ঠানে আজ সরাসরি আয়োজনে কথা বলবেন আলিফ আলাউদ্দিন। সন্তানের স্মরণে বাবার গল্প, একই সাথে সঙ্গীতের এই মহীরুহকে নিয়ে আলোচনা করবেন একজন সঙ্গীতশিল্পী হিসেবে। আলাউদ্দিন আলীর সাথে সরাসরি আয়োজনটি প্রচার হবে তানভীর তারেক এর নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।
তানভীর তারেক বলেন, ‘একজন আলাউদ্দিন আলীর সঙ্গীত জীবন নিয়ে গবেষণা চলবে আমাদের কয়েক প্রজন্ম। তাকে নিয়ে থিসিস হবে। কেউ কেউ পিএইচ করবেন। আমরা সৌভাগ্যবান যে আমরা আলাউদ্দিন আলী প্রজন্মেও শ্রোতা দর্শক। তিনি এমনই একজন সম্পদ। আজকের আয়োজনটি মূলত এক শ্রদ্ধার্ঘ। তার সুযোগ্য কন্যা কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন প্রথমবারের মতো বাবার স্মরণে কোনো লাইভে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তার অগণিত সুরের চর্চা ও এই বিশাল সম্পদের রক্ষণাবেক্ষণ মেধাস্বত্ববন্টন এমনকি কাভার গানগুলো নিয়েও আমরা কথা বলবো, যাতে তার গানের অগণিত অনুরাগীরা একটি নির্দেশনা পান। মূল অতিথি হিসেবে আলিফ আলাউদ্দিনের সাথে বিভিন্ন প্রাসঙ্গিকতায় লাইভে আরো কয়েকজন সংযুক্ত হবেন বিভিন্ন বিষয়ের আলাপচারিতায়।
উল্লেখ্য, করোনাকালে ফেসবুক লাইভের একেবারে শুরু থেকেই ‘গৃহসন্ধি আড্ডা’ ও ‘জীবন যেখানে যেমন’ নামের এ আয়োজনে গুণী মানুষদের সাথে সরাসরি এ ধরণের আলাপচারিতা করছেন তানভীর তারেক। আজ আলাউদ্দিন আলী স্মরণে প্রচার হবে এর ৪৭তম পর্ব। সরাসরি অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাদেশ সময় রাত ১১ টা থেকে ১২ টা ৩০ অব্দি।
ইত্তেফাক/জেডএইচডি