প্রাচ্যনাট আয়োজন করেছে ‘মহলা মগন’ উঠান নাটকের মেলা ২০২০। ‘অবসাদ বিরুদ্ধ স্রোত’ স্লোগান নিয়ে মাসব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে কাঁটাবনের প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে। আজ সন্ধ্যায় মঞ্চায়িত হবে ‘দ্য ডাম্ব ওয়েটার’। হ্যারল্ড পিন্টার-এর রচনা থেকে অনুবাদ করেছেন রবিউল আলম। মঞ্চে এটি নির্দেশনা দিয়েছেন মো. শওকত হোসেন সজিব। আজ ও আগামীকাল দুদিন সন্ধ্যায় ৭টা ১৫ মিনিটে নাটকটি দুটি প্রদর্শনী হবে। নাটকের গল্পে দেখা যাবে দুই ভাড়াটে খুনি, বেন ও গাস তাদের পরবর্তী কাজের নির্দেশনার অপেক্ষা করছে বেজমেন্টের এক ঘরে। গাস একটার পর একটা প্রশ্ন করে বিব্রত করছে সিনিয়র বেনকে, আর বেন খবরের কাগজের আড়ালে আত্মগোপন করে পাশ কাটাতে চাইছে সহকর্মীর সকল প্রশ্নমালার। কথার ফাঁকে ফাঁকে তারা কাজের জন্যে প্রস্তুত হতে থাকে। তাদের কাজের ধরন নিয়ে কথা ওঠে, চা বানানোর জন্যে ‘কেটলি জ্বালাও’ আর ‘কেটলি চাপাও’ বাগ্ধারা নিয়ে বিতর্ক হয়। আরো তীক্ষ প্রশ্ন করতে থাকে গাস, বেন বিরক্ত হয় উত্তেজনা বাড়তে থাকে। এমন সময় ওপর থেকে নামে ডাম্ব ওয়েটার। তার মধ্যে কিছু খাবারের অর্ডার। তার মধ্যে কিছু খাবারের অর্ডার। কিছু বুঝে উঠবার আগেই উপরে উঠে যায় বাক্সটা, নামে খাবারের অর্ডারসহ। টেনশন বাড়তে থাকে।
এমন গল্পে মঞ্চায়িত হবে নাটকটি। অভিনয় রয়েছে আরিফ রেজা খান ও মো. ফরহাদ আহমেদ।