বসুন্ধরা সিটিতেই থাকবে স্টার সিনেপ্লেক্স

স্টার সিনেপ্লেক্সের সঙ্গে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের চুক্তি ছিল চলতি বছরের সালের অক্টোবর পর্যন্ত। চুক্তির নবায়ন না হলে সেখান থেকে কার্যক্রম গুটিয়ে নেওয়ার কথা জানিয়েছিল স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ।

বুধবার স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানান, বসুন্ধরা সিটির সঙ্গে চুক্তির নবায়ন হচ্ছে। ফলে বসুন্ধরাতেই স্টার সিনেপ্লেক্সে থাকছে।

তিনি বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি শপিংমল থেকে সরে যাচ্ছে বলে যে উত্কণ্ঠা এবং হতাশা তৈরি হয়েছিল তার অবসান ঘটছে। অগণিত দর্শক, শুভানুধ্যায়ীর ভালোবাসা আর আমাদের আবেদন মূল্যায়ন করে চুক্তি নবায়নের ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য বসুন্ধরা কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সহযোগিতা আমাদের পথচলা মসৃণ ও সুন্দর করেছে। আগামীতেও তাদের সহযোগিতাকে সঙ্গী করে আমরা এগিয়ে যেতে চাই।’