বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বিডিংয়ের অনুমোদন পেয়েছে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ভবন নির্মাণ, মেশিনারিজ ও ইক্যুইপমেন্ট ক্রয় এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহারের জন্য ইনডেক্স অ্যাগ্রো বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্টস।