বিদেশি বিনিয়োগ আনতে বিশ্বমানের সেবা নিশ্চিত করতে হবে :শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, করোনার ফলে বাংলাদেশে শ্রমঘন শিল্প স্থানান্তরের সুযোগ তৈরি হয়েছে। এ কারণে অনেক বিদেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান এ দেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। বিদেশি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে দেশেই বিশ্বমানের বিনিয়োগ সেবা নিশ্চিত করতে হবে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি যেন শুধু কাগজে কলমে না হয়। গতকাল বৃহস্পতিবার ৭৬টি বিসিক শিল্পনগরীতে ওয়ানস্টপ সেবা চালুর লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নধর্মী দুই দিনব্যাপী ‘নাগরিক সেবা উদ্ভাবন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন। ভার্চুয়ালি এ কর্মশালার আয়োজন করা হয়।

এ সময় বিসিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, শুধু মুখে মুখে বা কাগজে কলমে নয়; বাস্তবেই বিসিক শিল্পনগরীগুলোতে ওয়ানস্টপ সার্ভিস চালু করতে হবে। বিসিক শিল্পনগরীতে উদ্যোক্তারা যাতে সহজে ও অল্প খরচে দ্রুত শিল্প সংশ্লিষ্ট কার্যকর সেবা পান, সেটি নিশ্চিত করতে হবে। শিল্প খাতে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বাড়াতে এক ছাদের নিচে শিল্প স্থাপনের সব ধরনের সেবা দিতে হবে।

বিসিক পরিচালক ড. মোহা. আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান মো. মোসতাক হাসান ছাড়াও সব শিল্পনগরী কর্মকর্তা, জেলা পর্যায়ের কর্মকর্তা এবং বিসিক পরিচালনা পর্ষদের সদস্যরা অনলাইনে সংযুক্ত ছিলেন।