লাদাখ সংঘাতের আবহে ভারতীয় বিমান বহরে ফরাসি যুদ্ধবিমান রাফাল। দীর্ঘ প্রতীক্ষার পর গত ২৯ জুলাই ভারতের মাটি ছুঁয়েছিল ফ্রান্স থেকে উড়ে আসা পাঁচটি মাল্টিরোল ফাইটার জেট। অত্যাধুনিক অস্ত্রসম্ভারে পুরোপুরি সজ্জিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে হরিয়ানার অম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে সেগুলো ভারতীয় বিমানবাহিনীর কাজে যোগ দিল। বিমানবাহিনীর মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দীর কথায়, ‘ফরাসি যুদ্ধবিমানগুলো হরিয়ানার অম্বালার ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত হবে।’
ভারতীয় বিমানবাহিনীর রীতি মেনেই সর্বধর্ম আরাধনা এবং সারাং অ্যারোবেটিক টিমের ‘এয়ার শো’ হয় ‘রাফাল অন্তর্ভুক্তি অনুষ্ঠানে’! ‘এয়ার শো’তে অংশ নিয়েছে রাফাল, জাগুয়ার, সুখোই-৩০, তেজস যুদ্ধবিমান এবং এমআই-১৭ ও ধরুব কপ্টার। সূত্র : আনন্দবাজার পত্রিকা
অম্বালার বিমানঘাঁটিতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দে?ন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়ত, ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভদৌরিয়া এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমার, ফরাসি বিমানবাহিনীর উপপ্রধান এরিক অ্যটলে এবং রাফাল নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশনের প্রতিনিধিরা।
গত ২৯ জুলাই হরিয়ানার অম্বালায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে পাঁচটি রাফাল। বিমানগুলো ফ্রান্স থেকে উড়িয়ে এনেছিলেন ভারতীয় বিমানবাহিনীর পাইলটরাই। অম্বালা ঘাঁটিতে তাদের স্বাগত জানিয়েছিলেন এয়ার চিফ মার্শাল স্বয়ং।