ফাইনালের হাতছানি সেরেনার

মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ডস্ল্যামের রেকর্ড ছুঁতে আরো দুই ধাপ যেতে হবে সেরেনা উইলিয়ামসকে। তার প্রথম ধাপটা উতরে যাওয়ার লক্ষ্যে আজ দ্বিতীয় সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে লড়বেন আমেরিকান টেনিস তারকা।

২৩ গ্র্যান্ডস্ল্যাম জয়ীকে অবশ্য আজ আরেকটা বাঁধা পেরোতে হবে, সেটা হচ্ছে অবসাদ। টুর্নামেন্ট শুরুর পর থেকে এক দিন কিংবা তারও কম বিরতিতে পাঁচটা ম্যাচ খেলেছেন সেরেনা। যার শেষ তিনটি আবার গড়িয়েছে তৃতীয় সেট পর্যন্ত। গত বৃহস্পতিবার শেষ আটের ম্যাচটা জিততে তাকে খেলতে হয়েছে দুই ঘণ্টারও কিছু বেশি সময়। ৩৯ ছুঁইছুঁই বয়সে এসে এমন ঠাসবুনোটের সূচীর ধকল সামলানোর ওপরও তাই নির্ভর করছে অনেক কিছু।

এদিক থেকে আজারেঙ্কা অবশ্য কিছুটা এগিয়ে থাকবেন, ৩১ বছর বয়সি এই খেলোয়াড় চলতি টুর্নামেন্টে একটিই তিন সেটের ম্যাচ খেলেছেন। সাম্প্র্রতিক ফর্মও কথা বলছে বেলারুশীয় তারকার পক্ষেই। সব মিলিয়ে সেরেনাকে অগ্নিপরীক্ষার মুখোমুখিই হতে হবে আজ।

নারী এককের অন্য সেমিফাইনালে নাওমি ওসাকা মুখোমুখি হবেন আরেক আমেরিকানের। জেনিফার ব্রডির বিপক্ষে দিনের প্রথম ম্যাচে লড়বেন তিনি।

তারকাহীন পুরুষ এককে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার সকালে। দিনের প্রথম ম্যাচে দানিল মেদভেদেভ খেলবেন ডমিনিক থিয়েমের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে স্প্যানিশ খেলোয়াড় পাবলো ক্যারেনো বুস্তা খেলবেন আলেক্সান্ডার জেরেভের বিপক্ষে।