ইংল্যান্ডের সামনে চ্যালেঞ্জটা পরিষ্কার—বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা ধরে রাখতে হবে তাদের।
বিপরীতে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জটা হলো নিজেদের গুছিয়ে নেওয়া। সেই গত বিশ্বকাপে সেমিফাইনালের পর এই প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, তাদের দল গোছানোর কাজ চলছে। আর এই গোছানোটাকে সম্পন্ন করতেই আজ থেকে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যানচেস্টারে শুরু হবে প্রথম এই ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে—১৩ ও ১৬ সেপ্টেম্বর।
বিশ্বকাপে এই অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পা রেখেছিল ইংল্যান্ড। আর প্রথম সেই ফাইনাল খেলতে গিয়ে ট্রফিও জিতেছিল এউইন মরগ্যানের দল। অস্ট্রেলিয়া সেই যে হেরেছিল, তারপর থেকে জয়ের সে াতে আসতে পারেনি তারা। এরপর দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া।
ফিঞ্চ বলছেন, এই পুরোটা সময় তারা আসলে তাদের সেরা দলের সন্ধানে ছিলেন, ‘গত বছর দুই ধরেই ওয়ানডে ফরম্যাটে আমরা আমাদের দলের জন্য সেরা ফর্মুলা ও সেরা ১১ জন খেলোয়াড়কে খুঁজে বেড়াচ্ছি। আমার মনে হয় না, এটা গোপন করার কিছু আছে। আসলে আমরা সেরা দলটাকে পাচ্ছি না। এটা (ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ) আমাদের জন্য সেই নিজেদের সেরা রূপটা খুঁজে পাওয়ার অসাধারণ একটা সুযোগ।’
ফিঞ্চ বলছেন, তারা এই লকডাউনের সময়টায় ভালো কাজ করেছেন, এবার সেটার ফল দেখতে চান, ‘আমরা মধ্যে মধ্যে ভালো খেলছি। আবার কখনো কখনো ভালো খেলতে পারছি না। লকডাউনের সময়টা আমাদের খেলোয়াড়রা খুব ভালো কাজে লাগিয়েছে। আমার ধারণা, আমরা উন্নতিটা দেখতে পাব।