চালক, হেলপার, যাত্রী কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। কারো মধ্যেই সচেতনতা নেই। গণপরিবহনে হ্যান্ডস্যানিটাইজার থাকার নির্দেশ থাকা সত্ত্বেও অধিকাংশ পরিবহনে তা চোখে পড়ছে না। আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের দেখলে চালক, হেলপার ও যাত্রীরা মুখে মাস্ক পরে সচেতন হতে চেষ্টা করেন। অতিরিক্ত যাত্রী না তোলার নির্দেশ থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না। করোনার প্রাদুর্ভাবে গত ২৪ মার্চ থেকে গণপরিবহন চলাচল বন্ধের নির্দেশ দেয় সরকার। দুইমাস পরে ৩১ মে স্বাস্থ্যবিধি মেনে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে গণপরিবহন চালুর নির্দেশ দেওয়া হয। গত ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহন চলছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতাই চালক, হেলপার ও যাত্রীদের মধ্যে লক্ষ করা যাচ্ছে না। সচেতন না হলে মহাবিপদের আশঙ্কা রয়েছে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা ও সচেতনতা জোরদারের জন্য ভ্রাম্যমাণ আদালত ভূমিকা রাখতে পারে।
বাদশাহ আবদুল্লাহ
কাপাসিয়া, গাজীপুর