বিভিন্ন স্থানে বিদ্যুত্স্পৃষ্টে চার জনের মৃত্যু

বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্টে চার জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা।

পঞ্চগড় : জেলার বোদায় খায়রুল ইসলাম নামের এক ব্যবসায়ী বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, বাড়ির পাশের দোকানের বিদ্যুত্ লাইন খোলার সময় তারের ফুটো টিনে লেগে খায়রুল ইসলাম বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায়।

উলিপুর (কুড়িগ্রাম) : উলিপুরে সবজি তুলতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুলালী বেগম নামে এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রামে। তিনি ঐ গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী। ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাঙ্গলকোট (কুমিল্লা) : নাঙ্গলকোটে মোটরচালিত সেচ পাম্প দিয়ে পুকুর থেকে মাছ ধরতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে প্রবাস ফেরত যুবক সাইফুল ইসলাম নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টায় উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষ্মীপদুয়া পশ্চিমপাড়ায় ঘটনাটি ঘটেছে। তিনি ঐ গ্রামের ছায়েদুর রহমানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : উপজেলায় অসিত বৈদ্য নামের এক যুবকের বিদ্যুত্স্পৃষ্টে মৃত্যু হয়েছে। সকালে উপজেলার মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অসিত বৈদ্য মুশুরিয়া গ্রামের অনিল বৈদ্যের ছেলে। অসিত বৈদ্য নিজের ঘরের ফ্রিজে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হন। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুত্ফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।