কুমিল্লায় ৯৩৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় ৯ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী এলাকায় র্যাব এ অভিযান পরিচালনা করে। র্যাব-১১-এর সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।
১ লাখ ২০ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ
খুলনা অফিস ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে খুলনা জেলায় ১ লাখ ২০ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘গ্রিন বেল্ট ফেইজ-২’ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুুপুরে সার্কিট হাউজে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা মহানগর এবং উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে একসঙ্গে জুম অ্যাপের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে
অভিজ্ঞতা বিনিময় সভা
রাজাপুর (ঝালকাঠী) সংবাদদাতা রাজাপুরে বৃহস্পতিবার ‘রাজনীতি ও সুশাসন’ প্রতিপাদ্যে অপরাজিতা প্রকল্পের নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্রীমন্তকাঠী এম এল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিউটি সিকদার।
চন্দনাইশে মাছের পোনা বিতরণ
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশে বৃহস্পতিবার উপজেলা মত্স্য সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশীয় রুই কাতলা জাতের মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে বিভিন্ন এলাকার ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পোনা বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেন, ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী প্রমুখ উপস্থিত ছিলেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে
বীজ ও সার বিতরণ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি প্রণোদনা হিসেবে প্রান্তিক কৃষকদের মধ্যে বৃহস্পতিবার বিনা মূল্যে মাষকলাই বীজ, সার ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ৯০০ কৃষক-কৃষানির মধ্যে এগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক মোস্তাকিম এতে সভাপতিত্ব করেন।
মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা বেলকুচি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, থানার ওসি বাহাউদ্দিন ফারুকী প্রমুখ।