নারায়ণগঞ্জের আড়াইহাজারে নকল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানার বিপুল পরিমাণ নকল গুড় ও রাসায়নিক ধ্বংস এবং কারখানার ম্যানেজারকে ১ বছরের সাজা দেওয়া হয়েছে। বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের নেতৃত্বে মেসার্স নূর এন্টারপ্রাইজ নামে কারখানাটিতে চলে এ অভিযান। পরে দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে বিপুল পরিমাণ নকল গুড় ধ্বংস করা হয়।
আড়াইহাজার গোপালদী পৌরসভার মুরাদপুর গ্রামের প্রায় ৫ একর জায়গা নিয়ে কারখানাটি গড়ে তোলে উজানপুর বাঞ্ছারামপুরের শফিকুল ইসলাম। সে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে এই অবৈধ কারখানাটি দীর্ঘ দিন ধরে পরিচালনা করে আসছিল। শফিকুল ইসলাম পলাতক রয়েছে।
সহকারী কমিশনার ভূমি মো. উজ্জল হোসেন জানান, কারখানার ম্যানেজার উজানচর গ্রামের আব্দুর রশিদের ছেলে খোকনকে (৩২) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানের সময় প্রায় ২ হাজার মণ ভেজাল গুড় বিনষ্ট করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, গোপালদী তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আজহার ও এস আই ছায়েদুল ইসসলাম উপস্থিত ছিলেন। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।