বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর ও নরসিংদী রেল স্টেশন খুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই এ তিন স্টেশনে সব আন্তঃনগর, কমিউটার, মেইল ট্রেনের যাত্রাবিরতি দিয়ে যথারীতি যাত্রী নেওয়া শুরু হয়েছে। এখন থেকে নিয়মিতভাবে এসব স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হবে। এসব স্টেশন থেকে যাত্রী উঠতে পারবে। অপরদিকে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে চালু হচ্ছে অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম। ফলে স্টেশনে কোনো যাত্রী টিকিট ছাড়া প্রবেশ করতে পারবে না। গতকাল বিকালে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের ১নং প্ল্যাটফরমের মানোন্নয়ন ও অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম এবং জয়দেবপুর ও নরসিংদী স্টেশনের অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম নির্মাণ কাজের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
স্টেশনে যাত্রাবিরতি এবং যাত্রী নেওয়া চালু হওয়ায় এসব স্টেশনের সংশ্লিষ্ট ট্রেনের সমন্বয়কৃত কোটার টিকিট বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী স্টেশনের কোটা থেকে বিক্রি হবে।
উল্লেখ্য, করোনার কারণে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এরপর গত ৩১ মে থেকে কয়েক দফায় ট্রেন চলাচল শুরু হলেও ঢাকা বিমানবন্দর স্টেশন, জয়দেবপুর, নরসিংদী স্টেশনে যাত্রা বিরতি বন্ধ ছিল, যা গতকাল থেকে চালু করা হয়েছে।