মেয়ের জামাইকে বিমানবন্দরে পৌঁছে দিতে এসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন বাঞ্ছারামপুর উপজেলার মো. স্বপন মিয়া নামের এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার ভোরে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে খুন হয়েছেন। সোনারগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত স্বপন মিয়া ব্রা?হ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মমিনবাড়ি কৃষ্ণনগর এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁওয়ে কাঁচপুর ব্রিজের পাশে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান লাশ উদ্ধার করে মর্গে পাঠান। প্রত্যক্ষদর্শী কাঁচপুর এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ীর বরাত দিয়ে পুলিশের এসআই ইয়াউর রহমান বলেন, বৃহস্পতিবার ভোরে কাঁচপুর ব্রিজ থেকে গলায় হাত চেপে ধরে এক ব্যক্তি দৌড়ে নিচের দিকে নামতে ছিল। নিচে নেমে হঠাত্ সে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।