নারী অপহরণ ও ধর্ষণ

কেরানীগঞ্জ থানার তিন পুলিশ কর্মকর্তাসহ সাত জনের বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জে এক বিউটিশিয়ানকে অপহরণ করে পালাক্রমে ধর্ষণ করার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ সাত জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাবাসুম ইসলাম গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে বুধবার এ আদালতে মামলা করেন কেরানীগঞ্জের এক নারী। বিচারক নারীর জবানবন্দি গ্রহণ করে গতকাল আদেশ দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ফোরকান মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তুহিন রেজা, রাহাত ওরফে ডাকাত রাহাত, জি এম সারোয়ার, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন নিরস্ত্র) শাহাদাত হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) আশিকুজ্জামান ও অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান। এছাড়া মামলায় আরো চার-পাঁচ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।