গৌরীপুরে আলু উত্তোলন নিয়ে বিরোধে একজন খুন

ময়মনসিংহের গৌরীপুরে জমি থেকে আলু উত্তোলন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ইদ্রিস আলী ৫দিন পর মৃত্যুবরণ করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০জানুয়ারি) মৃত্যুবরণ করেন তিনি।

গত ৪ জানুয়ারি উপজেলার সহনাটি ইউনিয়নের টেঙাপাড়া গ্রামের শফিকুল ইসলাম ফারুকের পরিবারের সদস্যদের বাড়িতে হামলা করে প্রতিপক্ষ আব্দুল কাদিরের লোকজন। হামলার সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের সাহায্যে প্রতিপক্ষ ফারুকের ভাই হাদিস মিয়ার চোখ জখম, ইদ্রিস আলীর দুই পা-ডান হাত, আজিজুল হাকিমের দুই হাত ও  আহমেদ কাজলের বাম হাত ভেঙে দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার ইদ্রিস আলী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

আরও পড়ুনঃ বদলগাছীতে জেনারেটরের গ্যাসে ম্যানেজারসহ ৫ জন আহত

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ’হামলার ঘটনায় ১৭ জনকে আসামি করে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু