নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে তাদের নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে অতি সখ্যের জন্য। এদেশের রাজনীতিতে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার কোনো রেকর্ড নেই।’ গতকাল বৃহস্পতিবার সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন সাসেকের আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহনমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে বিএনপির মহাসচিব মির্জা      ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে কাদের বলেন, শক্তিশালী বিরোধী দল সংসদীয় রাজনীতি ও গণতন্ত্রের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচনব্যবস্থা, নির্বাচন কমিশন ও পার্লামেন্টের ওপর দায় চাপাচ্ছে। শক্তিশালী বিরোধী দল সংসদীয় রাজনীতি ও গণতন্ত্রের বিকাশে খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির সংসদ সদস্যরা পার্লামেন্টে নিয়মিত কথা বলার সুযোগ পাচ্ছেন, সে হিসাবে সরকারি দলের সদস্যরা প্রতিদিন তেমন সুযোগ পাচ্ছেন না। সংসদে বিএনপির সদস্যসংখ্যা কম, জনগণ তাদের ভোট দেয়নি, সে দোষ কি সরকারের, নাকি পার্লামেন্টের?’

দেশে চলমান প্রকল্পসমূহ দ্রুত শেষ করতে দায়িত্বপ্রাপ্তদের যার যার অবস্থানে থেকে কাজ করার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সাতটি দেশের ২১টি উপ-আঞ্চলিক সড়ক করিডর উন্নয়নের ধারাবাহিকতায় অগ্রাধিকার ভিত্তিতে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।