মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া জাতীয় সংসদের চারটি আসনের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া হিসেবে গতকাল বৃহস্পতিবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৮ আসনে পাঁচ জন, ঢাকা-৫ আসনে দুই জন, সিরাজগঞ্জ-১ আসনে তিন জন এবং নওগাঁ-৬ আসনে ৯ জন মোট ১৯ জন মনোনয়নপ্রত্যাশী ফরম ক্রয় করেছেন। মনোনয়নপ্রত্যাশীরা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে এসব ফরম সংগ্রহ করেন। এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, চারটি উপনির্বাচনে ১৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে তিন জন ফরম জমা দিয়েছেন। আজ শুক্রবার ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। আগামীকাল শনিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাত্কার নেওয়া হবে। মনোনয়ন সংগ্রহকারীরা হলেন—ঢাকা-১৮ আসনে যুবদলের মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, বিএনপি নেতা ইসমাইল হোসেন, হাজী মোস্তফা জামান সেগুন, তরুণ ব্যবসায়ী বাহাউদ্দিন সাদিসহ ছয় জন। ঢাকা-৫ আসনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নবী উল্লাহ নবী ও বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। নওগাঁ-৬ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আনোয়ার হোসেন, মো. আব্দুস শুকুর, এস এম ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, এছাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম, আবু সাইদ রফিকুল আলম রফিক ও সিরাজগঞ্জ-১ আসনে টি এম তহজিবুল রহমান তুষার, নাজমুল হাসান তালুকদার রানা, মো. রবিউল হাসান। মনোনয়নপত্র সংগ্রহকালে প্রার্থী হতে ইচ্ছুকরা শোডাউন করেন দলের কার্যালয়ের সামনে। ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোট গ্রহণ হবে ১৭ অক্টোবর। এছাড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের এখনো তপশিল ঘোষণা হয়নি।