ময়মনসিংহের কেওয়াটখালীতে পাওয়ার গ্রিড (পিজিসিবি) উপকেন্দ্রে এক দিনের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার জেলায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের পর পিজিসিবির প্রকৌশলী ও কর্মীরা ১৫ মিনিটের মধ্যেই আগুন নেভাতে সক্ষম হন। এতে ১৩২/৩৩ কেভি এবং ৮০/১০০ এমভিএ গ্রিডের এক নম্বর ট্রান্সফরমারটি অল্পের জন্য রক্ষা পেলেও ৩৩ কেভি ব্রেকার, ইলেকট্রিক ট্রান্সফরমার (সিটি), সংযোগ লাইনসহ অন্যান্য যন্ত্রপাতি পুড়ে যায় বলে নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক ইত্তেফাককে জানান। বেলা ১১টার পর জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ভালুকায় গ্রিডের ৩ নম্বর ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুত্ সরবরাহ দেওয়া হয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ময়মনসিংহ নগরীসহ জেলায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ ও কারণ জানা যায়নি। আগুনে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। সংশ্লিষ্টরা জানান, দ্রুততম সময়ের মধ্যে নগরীতে বিদ্যুত্ সরবরাহ চালুর ব্যাপারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বলেন, বিদ্যুত্ না থাকায় বিভাগীয় শহরের সর্বস্তরের মানুষের দুর্ভোগ হচ্ছে। এই দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে পুনরায় বিদ্যুত্ সরবরাহ দেওয়ার জন্য পিজিসিবি ও পিডিবির ঊর্ধ্বতন প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন। ময়মনসিংহ শহরে পুনরায় বিদ্যুত্ সরবরাহ দেওয়ার ব্যাপারে প্রকৌশলী ও টেকনিশিয়ানরা কাজ করছেন।
প্রসঙ্গত, এর আগে গত ৮ সেপ্টেম্বর দুপুর সোয়া ১টায় আকস্মিক এক অগ্নিকাণ্ডে ১৩২/৩৩ কেভি এবং ৮০/১০০ এমভিএ গ্রিডের ২ নম্বর ট্রান্সফরমারটি পুড়ে যায়। এতে চার জেলায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়।