দেশে করোনা ভাইরাসে এক দিনে মোট মৃত্যুর অর্ধেকই ঢাকা বিভাগের। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা গেছেন ৪১ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ছয় জন, রাজশাহীতে পাঁচ জন, খুলনায় তিন জন, সিলেটে এক জন, রংপুর বিভাগে দুই জন এবং ময়মনসিংহ বিভাগে দুই জন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯২ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৯৭০। আর গত এক দিনে মারা যাওয়া ৪১ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৪ জনে দাঁড়াল। আইইডিসিআরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ৭৪৬ রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪টি ল্যাবে ১৫ হাজার ৫৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ১৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে—গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪১ জনের মধ্যে দশোর্ধ্ব এক জন, ত্রিশোর্ধ্ব দুই জন, চল্লিশোর্ধ্ব আট জন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ১৯ জন রয়েছেন।