মেঘনায় সব ফিলিং স্টেশনে এলপিজি পাম্প বসাবে বেক্সিমকো

এলপিজির বাজার বাড়াতে একসঙ্গে কাজ করার লক্ষ্যে সরকারি কোম্পানি মেঘনা পেট্রোলিয়ামের সঙ্গে চুক্তি করেছে বেক্সিমকো এলপিজি। এর ফলে এখন থেকে মেঘনা পেট্রোলিয়ামের নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস বিক্রি করতে পারবে বেক্সিমকো। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে মেঘনা ভবনে এক অনুষ্ঠানে এ ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে পদ্মা পেট্রোলিয়ামের সঙ্গেও একই ধরনের চুক্তি করে বেক্সিমকো।

বর্তমানে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৮০০টি ফিলিং স্টেশন রয়েছে। চুক্তি অনুসারে এগুলোতে স্থাপিত বেক্সিমকোর পাম্প থেকে বিক্রি হওয়া প্রতি লিটার এলপিজিতে ৫০ পয়সা রাজস্ব পাবে মেঘনা পেট্রোলিয়াম। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ২০১৬ সালে বেক্সিমকো এলপিজিকে ৫০০টি ফ্র্যাঞ্চাইজি লাইসেন্স ও ২৫টি কনর্ভাশন ওয়ার্কশপ স্থাপনে লাইসেন্স দেয়।

চুক্তিতে স্বাক্ষর করেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মীর ছাইফুল্লাহ-আল খালেদ ও বেক্সিমকো এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা মৃণাল রায়। বেক্সিমকোর এই কর্মকর্তা বলেন, এই চুক্তি দেশের এলপিজি খাতের জন্য একটি বড় মাইলফলক। কারণ, এই চুক্তির মাধ্যমে সারা দেশে এলপিজি অটোগ্যাস পৌঁছানো নিশ্চিত হবে।